(N.B: আমারও ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি অনেক বাজে)
অনেক বাচ্চাদের-ই দেখা যায়, তারা হিন্দীতে মোটামোটি ভালোই কথা চালিয়ে যেতে পারে। অথচ বাংলাদেশে স্কুল / কলেজ পর্যায়ে কোনো ক্লাসেই 'হিন্দী' নামে একটি বিষয়ও নেই।
যেখানে প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত English নামে কমপক্ষে ১৫টির বেশি সাবজেক্ট আছে। তাহলে ইংলিশ স্পিকিং এ এত অপারগতার পিছনে কারনটা কী হতে পারে?
আমার মনে হচ্ছে, আমাদের দেশের এডুকেশন সিস্টেমটাই এমন, যেখানে শুধু প্রিপারেশন নিতেই শিখাবে, কিন্তু মাঠে নামার যথেষ্ঠ সুযোগ করে দিবে না।
আর একটু ভিন্ন ভাবে যদি বলি; ধরুন, আপনি সাইকেল চালানো শিখবেন৷ এজন্য কিছু বই কিনলেন। প্রতিদিন সেগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়তেছেন৷ একটা কোচিং সেন্টারে ভর্তি হলেন, যেখানে সাইকেল চালানো শেখানো হয়। একজন প্রাইভেট সাইকেল রাইডিং টিউটরও রাখলেন, যে আপনাকে বই থেকে লাইন বাই লাইন ধরে ধরে সাইকেলের ব্রেক, স্পিড, হর্ন, ট্রাফিক সিস্টেম, নাড়িভুঁড়ি সবকিছু শিখিয়ে যাচ্ছে। অথচ আপনি একদিনও সত্যিকারের কোনো সাইকেলে নিয়ে রাস্তায় নামলেন না। তাহলে আপনি সাইকেলিং এর বই পড়তে পড়তে পিএইচডি ডিগ্রী নিলেও কি সাইকেল চালানো শেখা হবে?!
ইংলিশ শেখার ক্ষেত্রেও বিষয়টা এমন। আমরা প্রতি ক্লাসে শিখেই যাচ্ছি, "কিভাবে ইংলিশে কথা বলতে হয়?" কিন্তু কোনো ক্লাসে কথা বলিয়ে দেয় না।
আর কথা বলিয়ে দিয়েও বা লাভ কী? "কিভাবে শিখতে হবে" - শুধুমাত্র এই টপিক নিয়ে Private / Coaching এর মাধ্যমে শিক্ষা ব্যবসা করেই তো লাখ লাখ টাকা উপার্জন করা যাচ্ছে।
তাই আমাদের যদি মাছ ধরতেই হয়, তাহলে বড়শি ধরার নিয়মের বই পড়ার পাশাপাশি বড়শি / জাল নিয়ে পুকুরে নেমে যেতে হবে। নয়তো শুধু শিখেই যাবো, "কিভাবে মাছ ধরতে হয়?" কিন্তু কখনও মাছ ধরে দেখাতে পারবো না!
ইংলিশ স্পিকিং এ ইম্প্রুভ করার জন্যও আমি মনে করি, এত নিয়ম না শিখে প্রাকটিক্যাল মাঠে নেমে যাওয়া উচিত। মাঠে নেমে ফুটবল ধরিয়ে দিলে খেলার নিয়ম না জানলেও, যেভাবে আন্দাজে দুয়েক বার গোল পোস্টে বল ঢুকিয়ে দেয়া যায়, তেমনি ভুড়ি ভুড়ি গ্রামার জানা না থাকলেও আন্দাজে মুখ থেকে দু'এক লাইন বের হতে হতে এক সময় ফ্লুয়েন্সি এমনিতেই এসে যাবে।
তাহলে সেরকম মাঠে নামার পদ্ধতি কী হতে পারে?
আমার কাছে সবচেয়ে বেষ্ট অপশন মনে হয়, এমন কারও সাথে কথা বলার চেষ্টা করা, যে 'বাংলা' মোটেই জানে না। তো সেরকম মানুষ পাবেন কোথায়?
আজকাল অসংখ্য মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট আছে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ 'শুধুমাত্র ইংরেজি শেখার জন্য' কথা বলতে আসেন। অথচ তারা ইংলিশে অনেক দূর্বল। আপনি সেসব প্লাটফর্ম ব্যবহার করতে পারেন।
যেমন, আমি (Hallo: Speak English) নামে একটা (Android) অ্যাপ মাঝেমধ্যে ব্যবহার করি। আপনি অন্য কোনো অ্যাপও ইউজ করতে পারেন।
এছাড়া, আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডস'দের সাথে মাঝেমধ্যে যেকোনো ধরনের কথাই (সেটা যা-ই হোক না কেন) ইংলিশে বলার চেষ্টা করতে পারেন। যদিও সে বিরক্ত হবে, বা আপনাকে হাস্যরসাত্মক পাত্র বানিয়ে দিতে পারে, তারপরও আপনাকে চালিয়ে যেতে হবে।
এছাড়া, আপনি যদি মুভি দেখতে অভ্যস্থ থাকেন তাহলে ৫-৬ টা হিন্দী, তামিল বা অন্য কোনো ভাষার মুভি দেখার চেয়ে ১টি ভালো ইংলিশ মুভি দেখতে পারেন। তাহলে সময়টা এন্টারটেইনমেন্ট এর মধ্য দিয়ে গেলেও একসাথে কিছুটা লাভও হবে। তবে এক্ষেত্রে আপনার ইংলিশ লিসেনিং স্কিল ভালোই ইম্প্রুভ হবে, কিন্তু স্পিকিং স্কিল খুবই কম ইম্প্রুভ হবে বলে আমার মনে হয়।
পরিশেষে সেই কথাটি আবারও বলছি, মাছ ধরা শেখার কোর্স / ক্লাস করা বাদ দিয়ে মাছ ধরতে নেমে যান। ধরতে গিয়ে যদি দেখেন মাছ তেমন বেশি পাচ্ছেন না, তখন দরকার হলে মাছ ধরা শিখানোর রিসোর্সগুলোতে দুয়েকবার ফিরে আসতে পারেন। 😀